রাজনীতি
ছবি: সংগৃহীত

চাঁদপুরের ভিডিওকে কেন্দ্র করে ভুয়া দাবি, উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অপপ্রচার।

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে উপদেষ্টা  আসিফ মাহমুদের বিরুদ্ধে।ভিডিওর সঙ্গে দেওয়া ক্যাপশনে দাবি করা হয়,‘উপদেষ্টা আসিফের বাড়িতে মিলেছে ১২০০ বস্তা চাল’।
এমনকি অভিযোগ করা হয়, এ বিষয়ে জিজ্ঞাসাবাদের সময় তার বাবা পুলিশকে ঘুষ দিয়ে ঘটনা মীমাংসার চেষ্টা করেন।

তবে মঙ্গলবার (৩ জুন) দুপুরে এক সামাজিকমাধ্যম পোস্টে এসব দাবিকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে বিস্তারিত ব্যাখ্যা দেন আসিফ মাহমুদ।

তিনি দাবি করেন, ‘চাঁদপুরের একটি স্থানীয় ঘটনায় ধারণকৃত ভিডিওকে ভিন্নভাবে উপস্থাপন করে আমার পরিবারের সঙ্গে যুক্ত করে অপপ্রচার চালানো হয়েছে। এই গুজব ছড়িয়েছে নিষিদ্ধ সংগঠনের সাইবার সেলগুলো। দুঃখজনকভাবে, রাজনৈতিক প্রতিপক্ষরাও যাচাই না করেই সেই গুজব প্রচারে অংশ নিয়েছেন।’

আসিফ আরও বলেন, ‘এই অপপ্রচারের জেরে নগর ভবন অবরোধকারী একটি দলের কর্মীরা আমার বাবাকে “চালচোর, গমচোর” বলে স্লোগান দিচ্ছে।আমাদের পরিবারের সম্মানহানি ও ব্যক্তিগত আক্রমণের শিকার হচ্ছি আমরা।’

তিনি এটিও জানান যে, গুজবটি ছড়ানোর পেছনে গঠনমূলক রাজনীতিকে আড়াল করে প্রতিহিংসা ও চরিত্রহননের প্রবণতাই কাজ করছে।

অন্যদিকে তথ্য যাচাইকারী সংস্থা ‘রিউমর স্ক্যানার’ তাদের তদন্তে নিশ্চিত করেছে, ভিডিওটি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার একটি ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়ি থেকে চাল উদ্ধারের দৃশ্য।

সংস্থাটি জানায়, ‘উক্ত ঘটনায় ১২০০ বস্তা নয়, মাত্র ১৬ বস্তা চাল জব্দ করা হয়েছে এবং এর সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বা তার পরিবারের কোনও সম্পর্ক নেই।’

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে রিউমর স্ক্যানার খুঁজে পেয়েছে, ভিডিওটি প্রথম প্রকাশ পেয়েছিল চাঁদপুর প্রেসক্লাবের এক সদস্য ও সাংবাদিক মো. জামাল হোসেনের ফেসবুক প্রোফাইলে, ২ জুন তারিখে।

সংস্থাটি সতর্ক করেছে, যাচাই না করে এ ধরনের ভিডিও ও তথ্য সামাজিকমাধ্যমে ছড়িয়ে দিলে তা নিরীহ ব্যক্তিদের সম্মানহানি ও ভুল তথ্যের বিস্তার ঘটাতে পারে।

মতামত দিন