রাজনীতি
ছবি: সংগৃহীত

খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তি দেখার অপেক্ষায় সারজিস আলম।

নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘খুনি’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (১ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, “হাসিনা হাজারের অধিক খুনের নির্দেশদাতা।
তিনি একজন খুনি। বাংলাদেশের আইনে খুনির সর্বোচ্চ শাস্তি দেখার অপেক্ষায় আছি।”

এই মন্তব্যের পরই মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।একই মামলায় আরও দুইজন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন—কে আসামি করা হয়েছে।

রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল অভিযোগগুলো আমলে নেয়। এর ফলে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার তৃতীয় আসামি আবদুল্লাহ আল মামুনকে মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে।

এর আগে সকালে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রসিকিউশন ট্রাইব্যুনালে ৫টি পৃথক অভিযোগ দাখিল করে। মামলার শুনানি ও আদেশ বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়, যা বাংলাদেশের ইতিহাসে এই ধরনের প্রথম ঘটনা।

অভিযোগপত্রে বলা হয়, ক্ষমতাকালীন সময়ে শেখ হাসিনা কর্তৃক রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, শেখ হাসিনার বিরুদ্ধে ৮ হাজার ৫০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

এ মামলাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিরোধী রাজনৈতিক  নেতারা বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্নের দাবি জানালেও আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

মতামত দিন