রাজনীতি
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার নামে ৮ হাজার পৃষ্ঠার অভিযোগপত্র,কী রয়েছে তাতে?

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। রোববার (১ জুন) দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন।


প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম জানান, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্রে মোট পাঁচটি অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে এবং পুরো প্রতিবেদনটি প্রায় সাড়ে আট হাজার পৃষ্ঠার।

জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানের সময় সংঘটিত ঘটনার ভিত্তিতে এ মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ওই সময় রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন ও নির্যাতনের ঘটনা সংঘটিত হয়, যার পেছনে নীতিগত ও প্রশাসনিক দায় শেখ হাসিনা ও অন্যান্য অভিযুক্তদের ওপর বর্তায়।

এর আগে, চলতি বছরের ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতেই আনুষ্ঠানিকভাবে মামলা গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিশেষভাবে উল্লেখযোগ্য, এই প্রথমবারের মতো বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ সংক্রান্ত কোনো মামলার শুনানি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। আন্তর্জাতিক আইনের ইতিহাসে এটিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রসঙ্গত, শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলাটি ছাড়াও আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে। এর একটি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তার সরকার পরিচালনার সময় সংঘটিত গুম-খুনের ঘটনায় দায়ের করা হয়।অপরটি রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে নিহতদের হত্যাকাণ্ড সংক্রান্ত।

একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের লক্ষ্যে ২০০৯ সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুনভাবে পুনর্গঠনের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক শাসকদের জবাবদিহির আওতায় আনার উদ্যোগ নিয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

মতামত দিন