রাজনীতি
ছবি: সংগৃহীত

শহীদদের আদর্শেই আগামী বাংলাদেশের রূপরেখা চান তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণ করে দোয়া চেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, সকল শহীদের ত্যাগের  বিনিময়ে প্রত্যাশিত একটি উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে।

দোয়া মাহফিলের সঞ্চালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি  আবুল কালাম আজাদ।

শুক্রবার (৩০ মে) পূর্ব লন্ডনের এক হল মণ্ডপে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তারেক রহমান বলেন, “সন্তান হিসেবে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া চাই। একই সঙ্গে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের জন্যও সবাই দোয়া করবেন।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কিন্তু পরবর্তীতে নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের গণতন্ত্রের গতিপথ থামিয়ে দেওয়া হয়। গণতন্ত্র, মানবাধিকার ও মতপ্রকাশের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি ছাড়াও নানা রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন এবং অনেকেই পঙ্গুত্ববরণ করেছেন।”

তারেক রহমান বিশেষ করে জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে বলেন,“সেই সময় পলাতক স্বৈরশাসক ক্ষমতা ধরে রাখতে নিষ্ঠুর হত্যাকাণ্ড চালায়। জাতিসংঘের তথ্য অনুযায়ী ৬৬ জন শিশুও হত্যা হয়েছে। আমরা তাদের স্মরণে দোয়া করবো।”

শেষে তিনি সকলকে অনুরোধ জানান, “আমরা যেন শহীদদের স্বপ্নের দেশ গড়ে তুলতে পারি—সেজন্য সবাই একযোগে দোয়া করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে আমার এই প্রার্থনা।”


মতামত দিন