রাজনীতি
ছবি: সংগৃহীত

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির অভিযোগ ভিত্তিহীন:হাসনাত আব্দুল্লাহ।

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপির সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কোনো ধরনের আসন ভাগাভাগির সমঝোতা হয়নি—সাফ জানিয়ে দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (৩১ মে) দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেন।

সম্প্রতি একটি অনলাইন টকশোতে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু দাবি করেন, বিএনপির সঙ্গে এনসিপি নেপথ্যে ৫০ থেকে ৭০টি আসন নিয়ে সমঝোতায় পৌঁছেছে। এমনকি তিনি বলেন, এ ধরনের সমঝোতা হলে ডিসেম্বর নয়, বরং সেপ্টেম্বর-অক্টোবরে নির্বাচন হয়ে যেতে পারে।তার এ বক্তব্যের তীব্র প্রতিবাদ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, “এই মন্তব্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

পোস্টে তিনি উল্লেখ করেন,“আমরা সম্মানের সঙ্গে স্পষ্ট করে বলতে চাই, বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির আসন ভাগাভাগি সংক্রান্ত কোনো আলোচনাই হয়নি।আমাদের মূল লক্ষ্য হচ্ছে সারাদেশে সাংগঠনিক বিস্তৃতি গড়ে তোলা।”

তিনি আরও অভিযোগ করেন, এনসিপি সম্পর্কে একটি বিভ্রান্তিকর ধারণা তৈরি করার চেষ্টা চলছে—যেন দলটি উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন পিছিয়ে দিতে চায়। কিন্তু এনসিপি শুরু থেকেই বিচার, প্রশাসনিক সংস্কার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছে।

হাসনাত বলেন, “আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত পূর্ববর্তী নির্বাচনে জনগণের ভোটাধিকার সুরক্ষিত ছিল না। তাই আগামীতেও যাতে একই ধরনের একপেশে নির্বাচন না হয়, সে জন্য প্রশাসনিক ও কাঠামোগত সংস্কার অপরিহার্য।”

তিনি জানান, এনসিপি চায় একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, যা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে। এই লক্ষ্যেই জুলাই চার্টারের আলোকে ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬ সালের মধ্যে গণপরিষদ ও সংসদ নির্বাচনের আয়োজন করা উচিত বলে দলের অবস্থান।

এছাড়া এনসিপি প্রত্যাশা করে, সরকার ঘোষিত অন্তর্বর্তী ঘোষণাপত্র (জুলাই চার্টার) দ্রুত বাস্তবায়ন করা হবে। যেন-তেন নির্বাচন নয়,বরং অর্থবহ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথ তৈরি হোক—এটাই এনসিপির আকাঙ্ক্ষা।

পোস্টের শেষ অংশে হাসনাত আব্দুল্লাহ সকল সংশ্লিষ্ট পক্ষকে বিভ্রান্তি পরিহার করে একটি সম্মিলিত রোডম্যাপের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মতামত দিন