রাজনীতি
ছবি: সংগৃহীত

গণতন্ত্রের প্রত্যাশায় দেশ অপেক্ষমাণ, সমাধানের চাবিকাঠি জনগণই: আমীর খসরু।

নিজস্ব প্রতিবেদক:

আজ শনিবার,৩১ মে ২০২৫:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক সংকটের সমাধান দেশের মাটিতেই হতে হবে, বিদেশে গিয়ে এর মীমাংসা হবে না। তিনি বলেন,“দিন শেষে সংস্কার বলুন আর বিচার বলুন—সমাধান দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ ছাড়া দ্বিতীয় কোনো অস্ত্র নেই।

শুক্রবার (৩০ মে) বিকেলে চট্টগ্রামের মুরাদপুর এলজিইডি ভবন মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে আমীর খসরু বলেন, “আমরা নির্বাচনের অপেক্ষায় আছি এবং যত তাড়াতাড়ি সম্ভব দেশে একটি নির্বাচিত সরকার প্রয়োজন।কোনো দল চায় বা না চায়, সেটা বড় কথা নয়।এখন গণতন্ত্র প্রতিষ্ঠা করা জরুরি।”

তিনি বিএনপিকে দেশপ্রেমিক দল আখ্যা দিয়ে বলেন, “এই দলটি দেশপ্রেমের ওপর ভিত্তি করে গঠিত হয়েছে। বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রয়োজনে বিএনপির জন্ম হয়েছে।একটি সরকারের মেরুদণ্ড হলো দেশের জনগণ। সরকার জনগণের শক্তিতেই চলে।”

সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকাকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে মূল্যায়ন করে আমীর খসরু বলেন, “জিয়াউর রহমান বিশ্বের অল্প কয়েকজন অসাধারণ নেতার একজন। তিনি শুধু স্বাধীনতা ঘোষণা করেননি, ছিলেন বিশ্বমানের সংস্কারক, দার্শনিক ও সমাজ নির্মাতা। এই গুণাবলির কারণে তার তুলনা করা যায় মার্কিন বিপ্লবী নেতা জর্জ ওয়াশিংটনের সঙ্গে।”

তিনি আরও বলেন,“বাংলাদেশের কারও সঙ্গে জিয়াউর রহমানের তুলনা করার প্রয়োজন নেই।আমাদের নেতা একজন ইতিহাস গড়া ব্যক্তিত্ব, যিনি জাতিকে পরিচয় ও অর্থনৈতিক দিকনির্দেশনা দিয়েছেন।”

স্মরণসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং পরিচালনায় ছিলেন সদস্য সচিব নাজিমুর রহমান। প্রধান আলোচক ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম আবদুল আউয়াল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রম সম্পাদক এএম নাজিম উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার, কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম, যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু এবং ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম প্রমুখ।

শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে আমীর খসরু বলেন, “বিরোধী শক্তিকে পরাজিত করতে হলে আমাদের মেধাভিত্তিক রাজনীতিতে দক্ষতা অর্জন করতে হবে। আগামী দিনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।”

মতামত দিন