রাজনীতি
ছবি: সংগৃহীত

নির্বাচন ঠেকাতে সরকারই পরিকল্পিতভাবে বিলম্ব করছে: মির্জা আব্বাস।

নিজস্ব প্রতিবেদক:

আজ শুক্রবার,৩০ মে ২০২৫:

দেশে নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হলেও প্রকৃতপক্ষে সরকারের প্রধান উপদেষ্টাই নির্বাচন চান না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার (৩০ মে) সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “বিএনপি তো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছে। এই ডিসেম্বরের কথা কিন্তু আমরাই বলিনি, বলেছেন ড. ইউনূস নিজে। পরে তিনি সেই সময়সীমা সরিয়ে জুন মাসে নিয়ে যান। এখন আবার বলছেন, এই সময়েও নির্বাচন হবে না। তাহলে কবে হবে? সুতরাং নির্বাচন যদি করতেই হয়,ডিসেম্বরের মধ্যেই করতে হবে।”

তিনি অভিযোগ করেন, “সরকার সংস্কারের নামে বিদেশ থেকে লোক আমদানি করেছে।এখন তারা সংস্কারের কথা না বলে নির্বাচন ঠেকানোর পাঁয়তারা করছে। একদিকে নির্বাচন বানচাল, অন্যদিকে দায় চাপানো হচ্ছে বিএনপির ঘাড়ে।”

শ্রদ্ধা নিবেদনের সময় মির্জা আব্বাসের সঙ্গে বিএনপির সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।এসময় জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

মতামত দিন