রাজনীতি
ছবি: সংগৃহীত

রংপুরে জিএম কাদেরের বাসায় হামলা, উত্তপ্ত পরিস্থিতি।

নিজস্ব প্রতিবেদক:

আজ শুক্রবার,৩০ মে ২০২৫:

রংপুর নগরীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টার দিকে নগরীর সেনপাড়া এলাকায় অবস্থিত স্কাইভিউ বাসায় এ হামলা হয়।

ঘটনার পর পুরো এলাকা চরম উত্তেজনায় থমথমে হয়ে পড়ে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের ওই সময়ে একদল দুর্বৃত্ত বাসভবনের বাইরে এসে আকস্মিক হামলা চালায়। এসময় তারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং পার্টি কার্যালয়ের সামনে ভাঙচুর চালায়।হামলার সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে বিকেলে জিএম কাদের রংপুরে পৌঁছে সেনপাড়ার নিজ বাসভবন স্কাইভিউতে সাংবাদিকদের সঙ্গে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় পার্টির অবস্থান নিয়ে কথা বলেন।তার এ সফরের পরপরই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা হঠাৎ করে বিক্ষোভের ঘোষণা দেয়।

তবে হামলার পেছনে কারা ছিল, তাদের পরিচয় বা উদ্দেশ্য কী—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার নেপথ্যে রাজনৈতিক বিরোধ রয়েছে কিনা, তা নিয়েও চলছে আলোচনা।

এদিকে, হামলার ঘটনার নিন্দা জানিয়ে জাতীয় পার্টির স্থানীয় নেতারা অভিযোগ করেছেন, এটি ছিল একটি পরিকল্পিত হামলা, যার মাধ্যমে দলীয় চেয়ারম্যানকে ভয় দেখানোর অপচেষ্টা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন