সীমান্তে পুশইন নিয়ে সরব এনসিপি, ভারতের ভূমিকায় ক্ষুব্ধ সারজিস আলম।
আজ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫:
ভারতের পক্ষ থেকে অব্যাহত পুশইন ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম একে বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেন।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে লালমনিরহাটের পাটগ্রামে আয়োজিত এক পথসভায় সারজিস আলম বলেন, “প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের আচরণ কখনোই প্রত্যাশিত নয়। সীমান্তে বারবার পুশইনের ঘটনা আন্তর্জাতিক সম্পর্ককে জটিল করে তুলছে।”
তিনি অভিযোগ করেন, বাংলাদেশের রাজনীতিতে ভারতের ‘একপেশে অবস্থান’ আজও অব্যাহত রয়েছে। সারজিস আলম বলেন, “যে ব্যক্তি (শেখ হাসিনা) দেশের সহস্রাধিক মানুষের প্রাণহানির নির্দেশ দিয়েছেন, তাকে ভারত আশ্রয় দিয়েছে। এ অবস্থায় বাংলাদেশ-ভারত সম্পর্ক কখনোই স্বাভাবিক হতে পারে না।”
সীমান্ত নিরাপত্তা নিয়ে সমালোচনা করে তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে বিজিবিকে কার্যত পঙ্গু করে রাখা হয়েছিল।অথচ এই বাহিনীর সক্ষমতা রয়েছে বিশ্বের যে কোনো আধাসামরিক বাহিনীর সমকক্ষভাবে দায়িত্ব পালনের।”
উত্তরাঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার প্রসঙ্গ টেনে এনসিপি নেতা বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আজও অধরা। এই প্রকল্প শুধু একটি নদীশাসন পরিকল্পনা নয়, এটি এই অঞ্চলের জীবিকা, কৃষি ও অর্থনীতির অস্তিত্বের প্রশ্ন।”
তিনি বুড়িমারী থেকে ঢাকা পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ চালুর দাবি জানান এবং বলেন,“যাত্রাপথ সহজ হলে দেশের মূলস্রোতে সহজে যুক্ত হতে পারবে উত্তরের জনগণ। সেইসঙ্গে পাটগ্রামে বোমা মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন এবং বুড়িমারী স্থলবন্দরে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের দাবিও জানাচ্ছি।”
এ পথসভা থেকে এনসিপি ভবিষ্যতে উত্তরাঞ্চলের অধিকার আদায়ে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে ঘোষণা দেন সারজিস আলম। দলটির নেতারা জানান, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করে সীমান্ত, নদী ও উন্নয়ন ইস্যুতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবে তারা।

মতামত দিন