রাজনীতি
ছবি: সংগৃহীত

“মানচিত্র বদলাতে চাইলে ব্যাখ্যা দিন”—অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা আব্বাস।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা,আজ বুধবার ২৮ মে ২০২৫:

দেশের মানচিত্রে পরিবর্তন আনার কোনো ইঙ্গিত থাকলে অন্তর্বর্তী সরকারকে তার ব্যাখ্যা দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের সমাবেশে’ তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “নির্বাচন অবশ্যই দরকার। যদি একটি নির্বাচিত সরকার থাকতো, তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে পড়তো না।”
মির্জা আব্বাস অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার দেশের মানুষকে অবজ্ঞা করছে। তার ভাষায়, “সরকারে যারা আছে, তাদের নব্বই ভাগ এই দেশের নাগরিকই নয়।”

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারের উদ্দেশে তিনি বলেন, “নয় মাসেও নির্বাচন দিতে পারেননি, আর পারবেনও না। সময় শেষ—আপনারা আপনাদের ব্যবস্থা নিন।”

তিনি অভিযোগ করেন, দেশের একটি অংশ জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ সময় তিনি সরকারের ব্যর্থতা স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংককে দেশে ব্যবসা করার অনুমতি দেওয়ার সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, “দেশের মানুষ এতটা বোকা নয়, যে বুঝবে না এই সিদ্ধান্তের পেছনে কী আছে।”

মতামত দিন