রাজনীতি
ছবি: সংগৃহীত

তারুণ্যের বার্তা নিয়ে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা,আজ বুধবার ২৮ মে ২০২৫:

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয়েছে 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ'। বুধবার (২৮ মে) দুপুর ২টায় এ আয়োজনের সূচনা হলেও সকাল থেকেই দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বানে আয়োজিত এই সমাবেশে দেশের চারটি বিভাগ—ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ থেকে বিপুলসংখ্যক তরুণের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সমাবেশস্থলে সকাল থেকেই একের পর এক মিছিল এসে জড়ো হতে থাকে।রাজধানীর ব্যস্ত নয়াপল্টন এলাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে নির্মিত মঞ্চ ঘিরে তৈরি হয় জনসমুদ্র। যান চলাচল বন্ধ থাকায় আশপাশের এলাকায় দেখা দেয় তীব্র যানজট।

আয়োজকদের দাবি, আজকের কর্মসূচিতে অন্তত ১৫ লাখ তরুণ অংশ নিচ্ছেন। এই সমাবেশের মাধ্যমে তরুণদের রাজনৈতিক অধিকার, প্রত্যাশা এবং রাষ্ট্রগঠনে অংশগ্রহণের বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রনীতি, রাজনৈতিক পরিকল্পনা এবং ভবিষ্যৎ কৌশল উপস্থাপন করবেন। এ ছাড়া মঞ্চে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো তরুণ সমাজের উদ্বেগ ও প্রত্যাশার জায়গাগুলো তুলে ধরা এবং তাদের রাজনৈতিক সম্পৃক্ততা নিশ্চিত করা। দলটির তিন অঙ্গ সংগঠন মে মাসজুড়ে তরুণদের সঙ্গে সরাসরি সংলাপ ও সম্পৃক্ততার লক্ষ্যে যেসব কর্মসূচি হাতে নেয়,তার শেষ ও সবচেয়ে বড় আয়োজন আজকের এই সমাবেশ।

এর আগে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে একই ধারার সমাবেশ ও সেমিনার, যেখানে তরুণদের সরব উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।ঢাকার এই আয়োজন দিয়ে শেষ হচ্ছে বিএনপির ‘তারুণ্য’ অভিযানের মাসব্যাপী কার্যক্রম।

মতামত দিন