রাজনীতি
ছবি: সংগৃহীত

তারুণ্যের ঢল নয়াপল্টনে, বিএনপির শেষ সমাবেশে রেকর্ড ভিড়ের প্রত্যাশা।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা,আজ বুধবার ২৮ মে ২০২৫:

রাজধানীর নয়াপল্টনে আজ বুধবার দুপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির তিন অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে ‘তারুণ্যের সমাবেশ’। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের এই আয়োজন ঘিরে সকাল থেকেই জমে উঠেছে রাজধানীর রাজপথ, বিশেষ করে নয়াপল্টন এলাকায় তৈরি হয়েছে জনস্রোত।

সমাবেশের আনুষ্ঠানিক সূচি দুপুর ২টা হলেও সকাল থেকেই রাজধানী ছাড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চল—বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকার আশপাশ থেকে মিছিল নিয়ে অংশ নিচ্ছেন নেতাকর্মীরা। কেউ কাঁধে দলীয় পতাকা, কেউ হাতে ব্যানার-ফেস্টুন, কেউবা দলীয় স্লোগানে মুখরিত করছেন পুরো এলাকা।

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ নামের এই আয়োজন থেকে বিএনপি নেতৃত্বাধীন আন্দোলনে তরুণদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করার বার্তা দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজকেরা। ভার্চুয়ালি এতে যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তার বক্তব্যে বিএনপির রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক কৌশল এবং ভবিষ্যৎ পথনকশা তরুণদের সামনে তুলে ধরবেন।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্যরা—খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

নিরাপত্তার দিক থেকেও নেওয়া হয়েছে কড়া প্রস্তুতি। ঢাকা মহানগর পুলিশ বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করেছে সমাবেশস্থলে। পাশাপাশি বিএনপির স্বেচ্ছাসেবক দলও মাঠে রয়েছে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায়।

গত ২৬ মে এক সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী জানান, ‘চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় আমাদের কর্মসূচি সফল হয়েছে। ঢাকায় আমরা বিশাল জমায়েত প্রত্যাশা করছি—প্রায় ১৫ লাখ তরুণ-তরুণীর অংশগ্রহণ হবে বলেই আশা করছি।’

প্রসঙ্গত, মে মাসজুড়ে ‘তারুণ্যের সমাবেশ’ শিরোনামে কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপির তিন অঙ্গ সংগঠন। এই ধারাবাহিকতার চূড়ান্ত আয়োজন আজ রাজধানীতে। এর আগে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় বড় পরিসরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মতামত দিন