শেখ হাসিনাকে ট্রাইব্যুনালের নোটিশ, হাজিরার তারিখ ৩ জুন।
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, আজ সোমবার,২৬ মে ২০২৫:
রাজধানীর চানখারপুলে ২০২৫ সালের ৫ আগস্ট সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে নোটিশ জারি করা হয়েছে। আগামী ৩ জুন সকাল ১০টায় তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, রবিবার (২৫ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু করে প্রসিকিউশন। মামলায় শেখ হাসিনাসহ মোট নয়জনকে অভিযুক্ত করা হয়েছে।
চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, গণহত্যার ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অপর এক ব্যক্তিকে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে হাজিরার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে, অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আবেদন করেছেন তিনি।
প্রসঙ্গত,৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের কয়েক ঘণ্টা আগে রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে নিহত হন স্কুলশিক্ষার্থী আনাসসহ ছয়জন। চাইনিজ রাইফেল ব্যবহার করে এ হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সরাসরি হত্যার নির্দেশ দেন, যা মাঠপর্যায়ে বাস্তবায়ন করেন সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর নেতৃত্বাধীন টিম।
এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে কথিত জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার সূচনা হলো। প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে বলা হয়, ১৬ বছরের দুঃশাসনে শেখ হাসিনার অধীনে মানবাধিকার লঙ্ঘনের একাধিক নজির রয়েছে এবং চানখারপুলের গণহত্যা তারই চূড়ান্ত বহিঃপ্রকাশ।
এছাড়াও, “২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি”—এই বক্তব্যের কোনো ব্যাখ্যা না দেওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদনও করেছে প্রসিকিউশন।
মতামত দিন