"নির্বাচন পিছালে ষড়যন্ত্র বাড়বে": নুরুল হক নুর।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় নির্বাচন যত দেরিতে হবে, রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা ততই বাড়বে। রোববার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
নুর বলেন, “কিছু দল ও ব্যক্তি নির্বাচন পেছাতে আগ্রহী। তাদের ধারণা, সময় পেলে দল গোছাতে সুবিধা হবে। কিন্তু বাস্তবতা হলো, নির্বাচন পিছিয়ে গেলে রাজনৈতিক অনিশ্চয়তা বাড়বে, ষড়যন্ত্রও বাড়বে।”
সংস্কার ইস্যুতে বিএনপিকে ঘিরে চলমান সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কারের পক্ষে তো কোনো দল আপত্তি জানায়নি। অথচ অযথা বিএনপিকে ভিলেন বানানোর অপচেষ্টা চলছে। এখনো পর্যন্ত তাদের মতো সংগঠিত কোনো রাজনৈতিক শক্তি মাঠে নেই। নির্বাচন হলে তারাই জনগণের ভোটে সরকার গঠন করতে পারবে।”
নুর অভিযোগ করেন, সামাজিক মাধ্যমে বিএনপিকে লক্ষ্য করে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে, যা জনগণকে বিভ্রান্ত করতে পারে।
ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গে তিনি বলেন, “কোনো রাজনৈতিক দলই তাঁর পদত্যাগ দাবি করেনি। বরং আমরা বলছি—বর্তমানে যে রাজনৈতিক রূপরেখা চলছে, তা নির্বাচনের জন্য অনিশ্চিত একটি সময়সূচি তৈরি করছে। ডিসেম্বর থেকে জুন—এই সময়ের মধ্যে নির্বাচনের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়নি। জনগণকে বিভ্রান্ত না করে একটি নির্দিষ্ট সময় জানানো জরুরি।”
মতামত দিন