অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে বিএনপির চিঠি।
অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, নিরপেক্ষতা, নির্বাচন কমিশন পুনর্গঠন ও জাতীয় নির্বাচনের রোডম্যাপসহ নানা ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
চিঠিটি গত শনিবার (২৪ মে) গণমাধ্যমে আসে।
চিঠিতে বলা হয়, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরেছে এবং সেই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে।কিন্তু গত ৯ মাসে সেই প্রত্যাশার কতটা প্রতিফলন ঘটেছে—তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
বিএনপির অভিযোগ, সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। চিঠিতে মানবিক করিডর, চট্টগ্রাম বন্দর ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে সরকারের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হয়, এই ধরনের দীর্ঘমেয়াদি ও সংবেদনশীল সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই।
চিঠিতে একাধিক উপদেষ্টার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়। অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা একটি নতুন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, যা সরকারের নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। এদের মধ্যে একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকেও সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
নির্বাচন কমিশন ঘেরাও ইস্যুতে বিএনপি বলেছে, স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে একটি দলের এই কর্মসূচি সরকারের জন্য বিব্রতকর। নির্বাচন কমিশন গঠন নিয়ে সবপক্ষকে যুক্ত করে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বলে বিএনপির অভিযোগ।
বিএনপি দাবি করেছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে একটি গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা জরুরি। দলটির ভাষায়, “এই রোডম্যাপ জনগণের প্রত্যাশা পূরণে সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত।”
চিঠিতে আরও বলা হয়, ফ্যাসিবাদী শক্তি ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের প্রক্রিয়া চলমান থাকবে, তবে একযোগে সংস্কার ও নির্বাচন—এই দুই প্রক্রিয়াও চলতে পারে। বিএনপির দাবি, তাদের দেওয়া প্রস্তাব ও পরামর্শ উপেক্ষিত হলে তারা সরকারের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক চালিয়ে যেতে নিরুৎসাহিত হবে।
শেষ অংশে বিএনপি প্রত্যাশা করে, অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বিনিয়োগ পরিবেশ রক্ষায় জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে।

মতামত দিন