অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ: আনু মুহাম্মদ।
অর্থনীতি ও রাজনীতিতে পরিবর্তনের জন্য একটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হবে এমন নীতি ও কর্মপন্থা নির্ধারণ করা, যা বাংলাদেশকে বৈষম্যহীন সমাজের দিকে এগিয়ে নিয়ে যাবে—এমন মত দিয়েছেন অর্থনীতিবিদ ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ।
জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ : কেমন বাজেট চাই?’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “বর্তমান সরকার কোনো স্থায়ী জনসমর্থনের ভিত্তিতে টিকে নেই। সুতরাং তাদের দ্বারা দীর্ঘমেয়াদি কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে অন্তর্বর্তী পর্যায়ে ন্যায্যতা নিশ্চিতের লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ রূপান্তরের সূচনা করা যেতে পারে।”
আলোচনা সভাটি সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে। এতে গ্যাস, বিদ্যুৎ ও খনিজ সম্পদ খাতে বহুজাতিক কোম্পানিগুলোর কর্তৃত্ব নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি।
আনু মুহাম্মদ বলেন, “রাষ্ট্র যদি সংবেদনশীল বিষয়গুলো উপেক্ষা করে অন্য খাতে মনোযোগ দেয়, তাহলে সংকট বাড়ে—আর পরে সেগুলো নিয়ে অজুহাত দাঁড় করানো হয়। এই পন্থা কোনো দায়িত্বশীল শাসনের প্রতিফলন নয়।”
তিনি মনে করিয়ে দেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য যে ধরনের বাজেট প্রণয়ন প্রয়োজন,তা কেবল ক্ষমতাকেন্দ্রিক হিসাব-নিকাশ দিয়ে নয়, আদর্শভিত্তিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমেই সম্ভব।

মতামত দিন