ড. ইউনূসকে পদত্যাগে বাধ্য করা হলে ‘বিপ্লবী সরকার’ গঠনের হুঁশিয়ারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় সংগঠক মেহরাব সিফাত সতর্ক করে বলেছেন, কোনো বৈদেশিক তৎপরতা বা অভ্যন্তরীণ চাপে ড. মুহাম্মদ ইউনূস যদি দায়িত্ব ছাড়তে বাধ্য হন, তবে ছাত্র-জনতা আর নিরুত্তর থাকবে না।
শুক্রবার (২৩ মে) রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজায় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘ছাত্র-জনতা এবার ভিন্ন বাস্তবতা তৈরি করবে’
বক্তব্যে মেহরাব সিফাত বলেন, "চব্বিশের তরুণরা ড. ইউনূসের হাতে যে দায়িত্ব তুলে দিয়েছে, তিনি সেই দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। যদি কোনো আন্তর্জাতিক চক্রান্ত কিংবা অভ্যন্তরীণ চাপে তাকে সরে যেতে হয়, তবে সেটি শুধু ইতিহাসে লেখা থাকবে না—ছাত্র-জনতাও নতুন ইতিহাস গড়বে। আমরা প্রস্তুত বিপ্লবী রাষ্ট্র কাঠামো গঠনে।”
‘পিছু হটার সুযোগ নেই’
সিফাত আরও বলেন, “যারা রাজপথে প্রাণ দিয়েছেন বা রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগ একটি নতুন সমাজ গঠনের প্রত্যয়ে অর্পিত হয়েছে ড. ইউনূসের হাতে। সেই দায়িত্ব তিনি যদি অপূর্ণ রেখেই বিদায় নেন, তাহলে সেটি হবে আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”
‘আন্দোলন এবার ভাঙার নয়, গড়ার’
ছাত্রসমাজের উদ্দেশে তিনি বলেন, “এখন ফিরে যাওয়ার সময় নয়। দীর্ঘ সময়ের নিপীড়নের পর মানুষ যখন কেন্দ্রীয় আহ্বানে রাজপথে এসেছে, তখন নতুন কাঠামো দাঁড় করানো ছাড়া আমাদের গন্তব্য নেই। এবারের সংগ্রাম ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ার, দল-মত নির্বিশেষে সবাইকে এক মঞ্চে আসতে হবে।”
মতামত দিন