রাজনীতি
ছবি: সংগৃহীত

"জনতার মেয়র" হিসেবে ঈদে পরিচ্ছন্নতা রক্ষায় মাঠে থাকবেন ইশরাক হোসেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়রপ্রার্থী এবং বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঘোষণা দিয়েছেন, আসন্ন কোরবানির ঈদে রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেবেন তিনি।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক বলেন, “জনতার মেয়র হিসেবে আমার দায়িত্ব বর্তায়, কোরবানির ঈদের আগে বর্জ্য ব্যবস্থাপনার পর্যাপ্ত প্রস্তুতি নিশ্চিত করা।

আমি ঢাকাবাসীকে আশ্বস্ত করছি— উত্তরে মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্নকর্মীদের দায়িত্ব পালনে আমি নিজে সহায়তা করব।”

তিনি আরও জানান,দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর ও পূর্বের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে জোনভিত্তিক মনিটরিং টিম গঠন করা হবে। সেই টিম ঈদের দিনে ১৬ ঘণ্টার মধ্যে নাগরিকদের জন্য একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করবে।

ইশরাক হোসেন বলেন, “শপথ কেবল একটি আনুষ্ঠানিকতা। দায়িত্ববোধ থেকেই আমি এই উদ্যোগ নিচ্ছি। দক্ষিণ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গেও আমি নিজে মাঠে থাকব।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদটি বর্তমানে শূন্য।এমন প্রেক্ষাপটে ইশরাকের এই ঘোষণাকে একপ্রকার ‘ছায়া নেতৃত্ব’ প্রদর্শনের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

দলের ভেতরে ও বাইরের অনেকে এই পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখছেন, যেখানে রাজনৈতিক বিরোধিতার বাইরে গিয়ে নাগরিক সেবায় সরাসরি অংশগ্রহণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

মতামত দিন