রাজনীতি
ছবি: সংগৃহীত

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, তিনজন গ্রেফতার।

গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ব্যানারে হঠাৎ করে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) ভোররাতে মহানগরীর বনমালা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

মিছিলকারীরা কিছু সময় স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

‘গাজীপুর আওয়ামী পরিবার’ নামের একটি ব্যানার ব্যবহার করে মিছিলটি করা হয় বলে জানা গেছে। এ সময় ধারণ করা ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অংশগ্রহণকারীদের দলীয় স্লোগান দিতে দেখা যায়।

এ ঘটনায় টঙ্গী পূর্ব থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন—এরশাদ নগরের সোহেল (৩৫), কানন শিকদার (৫৩) ও জামাই বাজার এলাকার সিদ্দিক (৩০)।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ঝটিকা মিছিল করা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি জড়িতদের শনাক্তে অভিযান চলছে।”

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের এমন গোপন রাজনৈতিক তৎপরতা প্রতিরোধে নিয়মিত নজরদারি চলছে।

মতামত দিন