রাজনীতি
ছবি: সংগৃহীত

ইশরাকের শপথ ইস্যুতে আদালতের রায়ে জনগণের বিজয়: মির্জা ফখরুল।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে শপথ নিতে বাধা নেই—হাইকোর্টের এমন রায়ের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এটি দেশের জনগণের বিজয়, গণতন্ত্রের পক্ষে এক গুরুত্বপূর্ণ বার্তা।”

বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্ট ইশরাকের শপথ স্থগিতের আবেদন খারিজ করে দিলে থাইল্যান্ডের ব্যাংকক থেকে টেলিফোনে প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, “সরকার বিভিন্ন অজুহাতে একজন জনপ্রতিনিধিকে তার সাংবিধানিক দায়িত্ব পালনে বাধা দিচ্ছিল। আদালতের রায়ে আজ প্রমাণ হলো, এ ধরনের রাজনৈতিক প্রতিহিংসার জায়গা গণতান্ত্রিক সমাজে নেই।”

স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এখন আর দেরির কোনো সুযোগ নেই। আমরা চাই অবিলম্বে শপথ কার্যক্রম সম্পন্ন হোক এবং ইশরাক হোসেন জনগণের সেবা করতে পারেন।”

তিনি আন্দোলনরত দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আইনের পথে আমরা জয় পেয়েছি।তাই এখন সড়ক অবরোধ কিংবা জনদুর্ভোগ সৃষ্টির প্রয়োজন নেই।”

প্রসঙ্গত, গত ১৪ মে চোখের অস্ত্রোপচারের জন্য মির্জা ফখরুল ব্যাংককে যান। ১৫ মে তার বাম চোখে সফল অস্ত্রোপচার হয় এবং তিনি এখনও চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

মতামত দিন