ইসি পুনর্গঠনের দাবিতে বুধবার এনসিপির বিক্ষোভ, স্থানীয় নির্বাচন চায় দলটি।
নির্বাচন কমিশনের (ইসি) বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবিতে আজ বুধবার (২১ মে) বিক্ষোভ কর্মসূচি পালন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের সামনে সকাল ১১টায় এ কর্মসূচি পালিত হবে।
মঙ্গলবার (২০ মে) রাতে এক সংবাদ ব্রিফিংয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। তাই আমাদের আস্থা উঠে গেছে। অবিলম্বে কমিশন পুনর্গঠন করতে হবে।”
নাহিদ ইসলাম আরও বলেন, “৫ আগস্টের পর থেকে জাতীয় নির্বাচনকে সামনে রেখেই রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে চলেছে। প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, জুন মাসের মধ্যেই নির্বাচন হবে। সে প্রেক্ষিতে স্থানীয় সরকার নির্বাচন এখন অত্যন্ত জরুরি। জনগণের অংশগ্রহণ বাড়াতে স্থানীয় নির্বাচনই হতে পারে প্রথম ধাপ।”
তিনি আরও বলেন, গণপরিষদ এবং জাতীয় নির্বাচন সংক্রান্ত সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করায় একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সব পক্ষের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. এজাজ সম্পর্কে দলের অবস্থান স্পষ্ট করে নাহিদ ইসলাম বলেন, “তার সঙ্গে এনসিপির কোনও সম্পর্ক নেই। যারা রাজনৈতিক সুবিধা না পেয়ে অভিযোগ তুলছে, সেই বিষয়ে সরকারের তদন্ত করা উচিত।”
এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, “কমিশনের আচরণ থেকে স্পষ্ট যে তারা নিরপেক্ষ নয়। এই পরিস্থিতিতে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে কমিশনের পুনর্গঠন জরুরি।”
দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেন,“ইশরাক হোসেনের মেয়র পদের মামলা ঘিরে যে আইনি জটিলতা তৈরি হয়েছে,তাতেই প্রমাণ হয় কমিশনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ।আগামীকাল আমরা শান্তিপূর্ণভাবে কমিশনের সামনে অবস্থান নিয়ে আমাদের দাবি তুলে ধরব।”
দলটি জানিয়েছে, কমিশনের নিরপেক্ষতা ফিরিয়ে আনা ও নির্বাচনী সংকট নিরসনের লক্ষ্যেই এই কর্মসূচি। এনসিপির নেতারা আশা করছেন, স্থানীয় নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে রাজনৈতিক আস্থা ফেরানো সম্ভব হবে।

মতামত দিন