রাজনীতি
ছবি: সংগৃহীত

সরকারি দায়িত্বে ভারসাম্যহীন, আসিফ মাহমুদকে কটাক্ষ রিজভীর।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বয়স অনেক কম হলেও তাকে হঠাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়েছে। আর এতেই তার কথাবার্তায় ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে।

মঙ্গলবার (২০ মে) রাজধানীর খিলক্ষেতে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কর্মসূচিতে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন,“আদালতের রায় ঘোষণার পরও ইশরাক হোসেনকে ডিএনসিসি কাউন্সিলর পদে শপথ নিতে দিচ্ছে না সরকার। এখানে অন্তর্বর্তী সরকারের গায়ের জোরই কাজ করছে। চট্টগ্রামে যদি ডা. শাহাদাত মেয়র হতে পারেন, তাহলে ইশরাক কী দোষ করল?”

রিজভী আরও অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার কাজের চেয়ে অকাজ বেশি করছে। “২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রকৃত অপরাধীদের এখনও বিচারের আওতায় আনা হয়নি।”

আন্দোলন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন আবাসনের দাবিতে যমুনার সামনে যান, তখন তাদের অসম্মান করা হয়, পুলিশকে লেলিয়ে দেওয়া হয়। শেখ হাসিনাও অতীতে পুলিশ দিয়ে নির্যাতন করতেন, এখন সেই সংস্কৃতিই চলছে।”

রিজভীর বক্তব্যে সরকারের বিভিন্ন নীতিকাঠামো, আইন প্রয়োগের ধরন এবং চলমান রাজনীতির একতরফা চিত্র নিয়ে তীব্র সমালোচনা উঠে আসে।

মতামত দিন