রাজনীতি
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণে মেয়রের দায়িত্ব চাই, তবে শিষ্টাচার বজায় রাখার আহ্বান ইশরাক হোসেনের।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব তার হাতে বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান  আন্দোলনে  অংশ নেওয়া সমর্থকদের প্রতি শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের ব্যতিক্রম করে অন্য কোনো রাজনৈতিক দল বা নেতার বিরুদ্ধে অসম্মানজনক আচরণ থেকে বিরত থাকতে হবে।

মঙ্গলবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

ইশরাক লেখেন, "আমি আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটির জনগণ ও ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বাদে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যত ক্ষোভ থাকুক না কেন, তাদের অসম্মান হয় এমন কিছু করা থেকে শতভাগ বিরত থাকি। আমরা সমালোচনা করতে পারি, রাজনৈতিক বক্তব্য দিতে পারি, কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে।"

তিনি আরও লেখেন, "অনেক দেখেছি, আর পেছনের দিকে দেশটাকে নিতে চাই না। অবশ্যই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করব, দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেব। নির্বাচনী স্পষ্ট রোডম্যাপ আদায়ের মাধ্যমে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে পদক্ষেপ নেব। বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগের দাবিতেও গণতান্ত্রিক আন্দোলন করব, তবে ভাষা ও ব্যবহারে এমন দৃষ্টান্ত স্থাপন করব, যাতে শত্রুও সমালোচনা করতে না পারে।"

উল্লেখ্য, চলতি সপ্তাহে ঢাকায় সিটি করপোরেশনের দায়িত্ব হস্তান্তরের দাবিতে ইশরাক হোসেনের সমর্থকেরা বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছেন। ২০২০ সালের নির্বাচনে ঢাকা দক্ষিণে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন ইশরাক হোসেন।

মতামত দিন