ভারতের অবৈধ পুশ-ইন ও বাণিজ্য অবরোধের বিরুদ্ধে জনতা পার্টির মানববন্ধন।
জাতীয় প্রেস ক্লাবে সোমবার (১৯ মে) জনতা পার্টি বাংলাদেশের উদ্যোগে ভারতের অবৈধ পুশ-ইন এবং বাণিজ্য অবরোধের বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দলটির নেতারা অন্তর্বর্তী সরকারের প্রতি কঠোর অবস্থানের আহ্বান জানান এবং ট্রানজিট সুবিধা স্থগিত রাখার দাবি তোলেন।
জনতা পার্টির মহাসচিব শওকত মাহমুদ বলেন, ভারতে অবৈধভাবে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের ‘খুনি’ রাজনীতিবিদদের পুশ-ইন বন্ধ করতে হবে। তিনি জানান, ভারতীয় বাংলাভাষী ও রোহিঙ্গা শরণার্থীদের পুশ-ইন করা হচ্ছে, যা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি।
তিনি আরও বলেন, ভারত বাংলাদেশ থেকে স্থলপথে রপ্তানি বন্ধ করে দেশের বাণিজ্য ব্যবস্থা বিঘ্নিত করার চেষ্টা করছে। এজন্য বাংলাদেশকে কলকাতা হয়ে ত্রিপুরা ও সেভেন সিস্টার্স অঞ্চলে পণ্য পাঠাতে হয়। তিনি অবিলম্বে এসব ট্রানজিট সুবিধা স্থগিত করার দাবি জানান।
মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন রশীদ ভারতীয় হাইকমিশনারকে ডেকে কঠোর প্রতিবাদ জানাতে সরকারের প্রতি আহ্বান জানান এবং অবৈধ ভারতীয় শ্রমিকদের পুশব্যাক করার দাবি করেন।
জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন ও শক্তিশালী রাষ্ট্র। আমরা ভারতের বন্ধুত্ব ও সংস্কৃতিকে সম্মান করি, তবে ভারতের আধিপত্যবাদী রাজনীতি কঠোরভাবে প্রত্যাখ্যান করি।”
অনুষ্ঠানে জনতা পার্টির উপদেষ্টা ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম রাজা।

মতামত দিন