ইশরাককে নিয়ে আবেগঘন স্ট্যাটাস সারজিস আলমের।
বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (পশ্চিমাঞ্চল) সারজিস আলম। সোমবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি ইশরাকের সাহসিকতা, রাজনৈতিক সততা এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
স্ট্যাটাসে সারজিস আলম জানান,তিনি ইশরাক হোসেনকে আগে চিনতেন কেবল সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে হিসেবে। তবে একসময় পুলিশের হাত থেকে নিজের কর্মীকে উদ্ধার করতে দেখা যাওয়ার পর থেকে তিনি ইশরাককে একজন রাজনৈতিক নেতা হিসেবে দেখেন এবং মূল্যায়ন করেন।
তিনি লিখেছেন, “গতানুগতিক রাজনৈতিক ব্যক্তিত্বের মতো মনে হয়নি ইশরাক ভাইকে।তিনি বহুবার অকপটে সত্য স্বীকার করেছেন, এমনকি দলের অবস্থানের বিরুদ্ধেও।”
স্ট্যাটাসে ইশরাকের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ নিয়ে সাম্প্রতিক বিতর্ক নিয়েও বক্তব্য দেন সারজিস। তিনি বলেন, “যে নির্বাচন অবৈধ, সেই নির্বাচনের মেয়র কীভাবে হওয়া যায়? অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার মাধ্যমেই তো নিজেদের রাজনৈতিক আদর্শের সঙ্গে আপোষ হয়। সাময়িক প্রাপ্তির আশায় চেয়ারে বসা তার রাজনৈতিক ক্যারিয়ারে কালো দাগ হয়ে থাকবে।”
তিনি ইশরাকের প্রতি আস্থাও প্রকাশ করেন, বলেন, “তিনি তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ধীরে ধীরে রাজনৈতিক মাইলস্টোন ছুঁতে পারবেন।কিন্তু অবৈধ নির্বাচনের মঞ্চে বসে সেই পথকে কলুষিত করা তার মতো নেতার জন্য উচিত হবে না।”
একইসঙ্গে, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ব্যক্তিগত আক্রমণ নিয়েও উদ্বেগ জানান সারজিস।তিনি লেখেন,“উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতি ইশরাক ভাইয়ের কিছু কর্মীর ব্যবহার রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।এটি যদি ইশরাক পরোক্ষভাবে প্রশ্রয় দেন, তবে সেই দায় তার উপরেও বর্তায়।”
শেষদিকে তিনি বলেন, “আমরা যারা আগামী প্রজন্মকে নৈতিক নেতৃত্ব দিতে চাই, তাদের কাছে আমাদের প্রত্যাশাও বেশি। ক্ষমতার সঙ্গে নীতির আপোষের এই প্রবণতা সাদেক হোসেন খোকার উত্তরসূরিকে মানায় না, ইশরাক ভাইকেও মানায় না।”
মতামত দিন