ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

স্থগিত ই-ক্যাব নির্বাচন, নতুন তফসিল শিগগিরই।

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিত করা হয়েছে।

বুধবার (১৪ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তরফদার সোহেল রহমানের নেতৃত্বাধীন নির্বাচন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বোর্ডের অন্য দুই সদস্য—উপসচিব রেজাউল করিম ও ড. শাহাদাৎ হোসেন—সহস্বাক্ষর করেন।

আগামী ৩১ মে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। তবে এই স্থগিতাদেশে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

ই-ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী বলেন, "অনেক সদস্য নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করেছিলেন। সেই প্রেক্ষিতেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। শিগগিরই নতুন তফসিল ঘোষণা করা হবে।"

তিনি আরও জানান, নির্বাচন স্থগিত হওয়ায় এখন পর্যন্ত কোনো পক্ষ অসন্তোষ প্রকাশ করেনি।

প্রসঙ্গত, গত ৩ মার্চ তফসিল ঘোষণা করে নির্বাচন বোর্ড। ১১টি পরিচালক পদের বিপরীতে ৩৬ জন মনোনয়ন সংগ্রহ করেন।এর মধ্যে দুটি প্যানেল আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে।তবে একটি প্যানেলের বিরুদ্ধে আওয়ামী লীগ ও আগের দুর্নীতিগ্রস্ত কমিটির ঘনিষ্ঠদের পুনর্বাসনের অভিযোগ ওঠে।

মতামত দিন