ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

বিদেশে চিকিৎসার জন্য ডলার নেয়ার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, সর্বোচ্চ ১৫ হাজার ডলার।

বিদেশে চিকিৎসার জন্য এখন থেকে একজন বাংলাদেশি নাগরিক সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার নিতে পারবেন—আগে এই সীমা ছিল ১০ হাজার ডলার। সোমবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

নতুন নির্দেশনায় বলা হয়েছে,চিকিৎসা খাতে ছাড় করা অর্থ সরাসরি বিদেশি হাসপাতালের নামে পাঠানো যাবে অথবা আন্তর্জাতিক প্রিপেইড, ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করা যাবে। তবে মোট ১৫ হাজার ডলারের মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ অর্থ (নোট আকারে) বহনের অনুমতি থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে,চিকিৎসা ব্যয় সংক্রান্ত ক্ষেত্রে পূর্বঘোষিত অন্যান্য বিধি ও শর্তাবলি আগের মতোই বহাল থাকবে।

উল্লেখ্য, চলতি মে মাসের প্রথম সপ্তাহেই আন্তর্জাতিক লেনদেনের আরও কয়েকটি খাত—যেমন পড়াশোনা, তথ্যপ্রযুক্তি সংক্রান্ত খরচ, সদস্যপদ ফি, প্রশিক্ষণ নিবন্ধন ফি, ভিসা ফি ও চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের বিধি সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই পরিবর্তনের ফলে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে দেশের ব্যাংকগুলো এসব খাতে আরও সহজে বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে।

মতামত দিন