ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

রফতানিমুখী খাতের জন্য ১,৫০০ কোটি টাকার তৃতীয় কিস্তি অনুমোদন।

নিজেস্ব প্রতিবেদক:

সরকার চলতি অর্থবছর ২০২৫-২৬-এর জন্য রফতানিমুখী বিভিন্ন খাতের জন্য ১,৫০০ কোটি টাকা তৃতীয় কিস্তি হিসেবে অনুমোদন দিয়েছে। এর মধ্যে দেশীয় তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি ও অন্যান্য মৎস্য, চামড়াজাত পণ্যসহ অনুমোদিত অন্যান্য খাত অন্তর্ভুক্ত।

একই সঙ্গে তৈরি পোশাক রফতানিতে ১ শতাংশ হারে বিশেষ নগদ সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা নির্দেশনার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই অর্থ বিতরণ করা হবে। নির্দেশনা অনুযায়ী, সংশোধিত বাজেটের ‘সাধারণ রফতানি প্রণোদনা’ খাত থেকে তৃতীয় কিস্তির অর্থ সরবরাহ করা হয়েছে। অর্থের ব্যবহার বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রফতানিকারকের দাবি অনুযায়ী নগদ সহায়তা বা প্রণোদনা হিসেবে সীমাবদ্ধ থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, অর্থ অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। যদি পরিশোধের পর অতিরিক্ত অর্থ প্রদান ধরা পড়ে, তবে তা ফেরত নেয়ার পাশাপাশি সংশ্লিষ্ট গ্রহীতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বিষয়টি অর্থ বিভাগকে জানাতে হবে।

এছাড়া নগদ সহায়তা প্রদানের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা ও আর্থিক বিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। সহায়তা গ্রহণকারীদের ব্যাংকের কাছে অঙ্গীকার দিতে হবে যে, কোনো অনিয়ম বা অতিরিক্ত অর্থ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অর্থ ফেরত দিতে হবে।

অর্থ মন্ত্রণালয় আরও নির্দেশ দিয়েছে, চলতি অর্থবছর শেষে নগদ সহায়তা ও প্রণোদনার কার্যকারিতা মূল্যায়ন করে একটি বিস্তারিত প্রতিবেদন অর্থ বিভাগে জমা দিতে হবে। তাছাড়া খাতভিত্তিক ও ব্যাংকভিত্তিক ব্যয়ের বিস্তারিত হিসাবও প্রকাশ করতে হবে। অর্থ উত্তোলন শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী সংযুক্ত তহবিল থেকে করা যাবে এবং সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে প্রক্রিয়া পরিচালনা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।

মতামত দিন