ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ৪০ দেশের জন্য পোলট্রি ও ডিম আমদানি বন্ধ করল সৌদি আরব

নিজেস্ব প্রতিবেদক:

জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা রক্ষা করার লক্ষ্যে সৌদি আরব ৪০টি দেশের পোলট্রি ও ডিম আমদানি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির খাদ্য ও ঔষধ প্রশাসন বলেছে, এ পদক্ষেপ নেওয়া হয়েছে বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার উচ্চ ঝুঁকি বিবেচনায় রেখে।

নিষিদ্ধ তালিকায় রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, জার্মানি, ইরান, চীন, ভারত, যুক্তরাজ্য, মিশর এবং জাপানসহ মোট ৪০টি দেশ। পাশাপাশি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, কানাডা ও মালয়েশিয়াসহ ১৬ দেশের নির্দিষ্ট অঞ্চলের আমদানিও আংশিকভাবে স্থগিত রাখা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের স্বাস্থ্য পরিস্থিতি ও ঝুঁকি বিবেচনায় নিষিদ্ধ দেশগুলোর তালিকা নিয়মিত হালনাগাদ করা হবে। তবে তাপপ্রক্রিয়াজাত মুরগির মাংস ও সংশ্লিষ্ট পণ্য নির্ধারিত স্বাস্থ্য মান পূরণ করলে অনুমোদিত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত সরকারি স্বাস্থ্য সনদের মাধ্যমে আমদানি সম্ভব হবে।

এছাড়া সৌদি খাদ্য ও ঔষধ প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বদলালে ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে নিষেধাজ্ঞা বাড়ানো বা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

মতামত দিন