ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

নতুন অর্থবছরের মাঝপথেই মোংলা বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে বড় উল্লম্ফন।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম সাত মাসেই মোংলা বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং গত বছরের মোট পরিসংখ্যান ছাড়িয়ে গেছে। এ সময় ২১ হাজার ৬৫১ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৭৯.১৯ শতাংশ বেশি।

পুরো ২০২৪–২৫ অর্থবছরে মোট হ্যান্ডলিং হয়েছিল ২১ হাজার ৪৫৬ টিইইউজ।

বন্দর সূত্র জানায়, জুলাই ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত সাত মাসে মোট ৫১৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজ বন্দরে ভিড়েছে। একই সময়ে আমদানি হয়েছে ৬ হাজার ৪০৪টি রিকন্ডিশন গাড়ি এবং মোট কার্গো হ্যান্ডলিং দাঁড়িয়েছে ৮২ লাখ ৬৬ হাজার মেট্রিক টনে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫.০৩ শতাংশ বেশি।

বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন উপব্যবস্থাপক মো. মাকরুজ্জামান বলেন, অর্থবছরের এখনও প্রায় সাড়ে চার মাস বাকি থাকলেও ইতোমধ্যে কন্টেইনার হ্যান্ডলিংয়ে গত বছরের অর্জন ছাড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে। ব্যবহারকারীদের সুবিধা বাড়াতে হিরণ পয়েন্ট এলাকায় তিনটি নতুন অপারেশনাল অ্যাঙ্কর বার্থ চালু করা হয়েছে। পরীক্ষামূলকভাবে ৯ মিটার ড্রাফটের ১৬টি বাণিজ্যিক জাহাজে সফল অপারেশন সম্পন্ন হয়েছে। এসব বার্থে এখন সর্বোচ্চ ২০০ মিটার দৈর্ঘ্যের জাহাজ কার্গো অপারেশন করতে পারবে।

তিনি আরও আশা প্রকাশ করেন, নতুন সরকারের দায়িত্বশীল নেতৃত্বে বন্দরের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং জাহাজ আগমন বাড়ার সঙ্গে আমদানি-রপ্তানিও বৃদ্ধি পাবে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

বর্তমানে এই বন্দর দিয়ে খাদ্যশস্য, সার, সিমেন্টের কাঁচামাল, কয়লা, তেল, অটোমোবাইল, যন্ত্রপাতি, পাথর, গম, চাল, ভুট্টা, তৈলবীজ ও এলপিজিসহ নানা পণ্য আমদানি হচ্ছে। পাশাপাশি রপ্তানি হচ্ছে সাদা মাছ, চিংড়ি, পাট ও পাটজাত দ্রব্য, হিমায়িত খাদ্য, কাঁকড়া, রেশম কাপড়, মাটির টাইলসসহ বিভিন্ন বাংলাদেশি পণ্য।

মতামত দিন