ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

মোংলা সমুদ্র বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যে ঊর্ধ্বগতি।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি অর্থ বছরে দেশের নানা চ্যালেঞ্জ সত্ত্বেও মোংলা সমুদ্র বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে স্পষ্ট বৃদ্ধি দেখা দিয়েছে। বন্দরের কর্মকর্তারা বলছেন, এই ঊর্ধ্বগতি বজায় থাকলে দেশের সমুদ্র পথের বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে মোংলা।

বন্দর সূত্র জানিয়েছে, ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম সাত মাসে ৩১টি কন্টেইনারবাহী জাহাজ থেকে মোট ২১ হাজার ৬৫১ টিউজ পণ্য খালাস হয়েছে। যা আগের অর্থবছরের পুরো ১২ মাসে খালাস হওয়া ২১ হাজার ৪৫৬ টিউজের চেয়ে বেশি।

সেই সময়ে জাহাজ ভেড়ে সংখ্যা ছিল ৫১৫টি, আগের অর্থ বছরে ৭ মাসে যা ৪৯৬টি। মোট আমদানি-রপ্তানি পরিমাণও বেড়েছে। চলতি অর্থবছরে মোংলা বন্দরে খালাস ও বোঝাই হয়েছে ৭৭ লাখ ৯২ হাজার ৪৯১ টন পণ্য, যা ২০২৪-২৫ অর্থবছরে ছিল ৬৬ লাখ ১১ হাজার ৩৮৩ টন, অর্থাৎ ১১ লাখ ৮১ হাজার ১০৮ টন বেশি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন উপব্যবস্থাপক মো. মাকরুজ্জামান মুন্সি বলেন, “বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমানের তত্ত্বাবধানে কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করছেন, যার ফলে বাণিজ্যে এই বৃদ্ধি সম্ভব হয়েছে। এই ধারাবাহিকতা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

মোংলা বন্দর ব্যবহারকারী ও সিন্ডিকেট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. মোশারফ হোসেন বলেন, “সদ্য বিজয়ী সরকার যদি ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করেন, তবে বন্দরের চাহিদা আরও বাড়বে এবং দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে।”

মতামত দিন