ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

নতুন চালের সরবরাহে রাজধানীতে কমছে দাম, স্বস্তিতে ভোক্তারা।

রাজধানীর বাজারে নতুন বোরো চাল ওঠায় কমতে শুরু করেছে চালের দাম। দুই সপ্তাহের ব্যবধানে মিনিকেটসহ বিভিন্ন প্রকার চালের দাম কমেছে ৭-৮ টাকা পর্যন্ত।

এতে স্বস্তি ফিরেছে ভোক্তাদের মাঝে।

রাজধানীর নয়াবাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, নতুন মিনিকেট চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৬-৮০ টাকায়, যা আগে ছিল ৮৪-৮৮ টাকা। আটাইশ চালের দাম নেমে এসেছে ৫৬-৫৮ টাকায়। তবে পুরাতন চাল এখনও আগের দামেই বিক্রি হচ্ছে।

চাল ব্যবসায়ীরা জানিয়েছেন, বোরো মৌসুমের নতুন ধান বাজারে আসতে শুরু করায় দাম কমছে। মানভেদে মোটা ও মাঝারি চালের দামও ২-৫ টাকা পর্যন্ত কমেছে।

তবে বাজারে এখনও পুরাতন মিনিকেট বিক্রি হচ্ছে ৮৬-৯০ টাকায়, আটাইশ ৫৮-৬২ টাকা, স্বর্ণা ৫৫ টাকা এবং নাজিরশাইল ৭৬-৮৮ টাকায়। পোলাও চালের দাম রয়েছে ১১৬-১১৮ টাকা।

চালের দাম কমায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। কারওয়ান বাজারে ক্রেতা হাসান সাহেব বলেন, “দাম কিছুটা কমেছে, এতে কিছুটা স্বস্তি পেয়েছি। তবে সরকারকে নজর রাখতে হবে যেন কেউ সিন্ডিকেট করে বাজার অস্থির না করতে পারে।”

এর আগে গত ১৩ এপ্রিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছিলেন, দুই সপ্তাহের মধ্যে নতুন চাল বাজারে আসবে এবং এতে দাম সহনীয় পর্যায়ে নামবে। বাস্তবে তা-ই ঘটতে শুরু করেছে।

মতামত দিন