নির্বাচন ও রমজান বিবেচনায় চট্টগ্রাম বন্দরের ধর্মঘট আপাতত স্থগিতের ঘোষণা।
চট্টগ্রাম বন্দরে ঘোষিত অনির্দিষ্টকালের কর্মবিরতি সাময়িকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার দিবাগত রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংগঠনটির সমন্বয়ক মো. হুমায়ুন কবীর ও ইব্রাহীম খোকন স্বাক্ষরিত ঘোষণায় বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পরিস্থিতি এবং আসন্ন পবিত্র রমজান মাসে পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে জনস্বার্থ বিবেচনায় সোমবার সকাল ৮টা থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত রাখা হবে। তবে এর মধ্যে কর্মচারীদের গ্রেফতার, বদলি বা সাময়িক বরখাস্তসহ পাঁচ দফা দাবি নিষ্পত্তি না হলে ১৬ ফেব্রুয়ারি থেকে আবার কর্মসূচি শুরু হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এর আগে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়া এবং আরও কয়েকটি দাবিতে রোববার সকাল থেকে বন্দরজুড়ে কর্মবিরতি শুরু হয়েছিল। এতে আমদানি-রফতানি কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হওয়ায় ব্যবসায়িক অঙ্গনে উদ্বেগ দেখা দেয়।
পরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, বর্তমান সরকারের মেয়াদে এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের সম্ভাবনা নেই। এ বক্তব্যের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পরে শাস্তিমূলক পদক্ষেপের অভিযোগ ওঠায় উত্তেজনা তৈরি হয়।
সব দিক বিবেচনায় রাতের আলোচনার পর ধর্মঘট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা।
মতামত দিন