এনসিটি ইজারা ইস্যুতে উত্তাল চট্টগ্রাম বন্দর,নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে প্রতিবাদ।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার সম্ভাবনা ঘিরে শ্রমিকদের মধ্যে অসন্তোষ আরও তীব্র হয়েছে। সেই প্রতিবাদ থেকেই চলছে লাগাতার কর্মবিরতি, যা এখন দ্বিতীয় দিনে পৌঁছেছে।
বৃহস্পতিবার সকালে পরিস্থিতি নতুন মোড় নেয়। বন্দরের ৪ নম্বর গেট এলাকায় নৌ পরিবহন ও শ্রম-সংক্রান্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন সেখানে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা তার গাড়িবহর ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন।
শ্রমিক নেতাদের দাবি, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের কাছে টার্মিনাল ইজারার সিদ্ধান্ত বাতিল না হলে তারা আরও কঠোর কর্মসূচির পথে যেতে বাধ্য হবেন। প্রয়োজন হলে বন্দর এলাকায় হরতাল ও অবরোধ দেওয়ার কথাও জানিয়েছেন তারা।
গত কয়েক দিন ধরেই ধাপে ধাপে আন্দোলন চলছিল। প্রথমে তিন দিন প্রতিদিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হয়, এরপর মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মসূচি হয়। সর্বশেষ বুধবার থেকে অনির্দিষ্ট সময়ের জন্য কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় শ্রমিক সংগঠনগুলো।
সরকারি মহল জানিয়েছে, ইজারা সংক্রান্ত চুক্তি এখনো চূড়ান্ত হয়নি এবং দেশের স্বার্থ বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই ইস্যু ঘিরে চলমান আন্দোলন বন্দর কার্যক্রমে চাপ তৈরি করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মতামত দিন