এনসিটি ইজারা ইস্যুতে অচল চট্টগ্রাম বন্দর, তৃতীয় দিনের কর্মবিরতিতে শ্রমিকরা।
বিদেশি প্রতিষ্ঠানের কাছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার পরিকল্পনার বিরোধিতায় চট্টগ্রাম বন্দরে টানা তৃতীয় দিনের মতো কাজ বন্ধ রেখেছেন শ্রমিক ও কর্মচারীরা। এতে দেশের প্রধান সমুদ্রবন্দরের পণ্য খালাস ও জাহাজ পরিচালনা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি বিকেল ৪টা পর্যন্ত চলবে। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের বন্দর শাখার আহ্বানে এ কর্মসূচি পালিত হচ্ছে।
বন্দর সংশ্লিষ্টরা জানান, কর্মবিরতির কারণে বিভিন্ন জেটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠানামা প্রায় সম্পূর্ণ বন্ধ রয়েছে। একই সঙ্গে ইয়ার্ড থেকে পণ্য ডেলিভারিও কার্যত স্থগিত। চট্টগ্রাম বন্দর থেকে ১৯টি বেসরকারি আইসিডিতে কনটেইনার পরিবহন বন্ধ থাকায় আমদানি–রপ্তানি কার্যক্রমে বড় ধরনের জট তৈরি হয়েছে।
এর মধ্যে রোববার সন্ধ্যায় বন্দর কর্তৃপক্ষ দুই দফায় ১২ জন কর্মচারীকে বদলির আদেশ দেয়। আন্দোলনকারীদের দাবি, বদলি হওয়া কর্মচারীরা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত ১৬ জন কর্মচারীকে বদলি করা হয়েছে।
তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে। বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক বলেন, দাপ্তরিক প্রয়োজনেই নিয়মিত বদলি করা হয়েছে, এর সঙ্গে চলমান আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
এদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে, এনসিটি ইজারা দেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। তবুও কর্মবিরতির কারণে জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছে।
মতামত দিন