ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মাসব্যাপী ৩৯৩ কোটি টাকার বিক্রির রেকর্ড।
পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শনিবার (৩১ জানুয়ারি) শেষ হলো ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আয়োজকরা জানিয়েছেন, মাসব্যাপী মেলায় মোট বিক্রির পরিমাণ প্রায় ৩৯৩ কোটি টাকা ছাড়িয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ উপস্থিত ছিলেন।
মেলা কর্তৃপক্ষ জানায়, ৩২৯টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এদের মধ্যে সম্ভাব্য রপ্তানি আদেশের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৭.৯৮ মিলিয়ন মার্কিন ডলার বা ২২৪.২৬ কোটি টাকায়। পণ্য তালিকায় রয়েছে পাটজাত, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, কসমেটিকস, হাইজিন পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, হ্যান্ডলুম, তৈজসপত্র, হোম টেক্সটাইল, নকশিকাঁথা ও ফেব্রিক্স। এসব পণ্য আফগানিস্তান, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও তুরস্কে রপ্তানি করা হবে।
স্থানীয় বাজারেও মেলার সময় প্রায় ৩৯৩ কোটি টাকার পণ্যের লেনদেন সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির সেরা প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়ে স্বীকৃতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এবারের মেলায় ভারতের, তুরস্কের, সিঙ্গাপুরের, ইন্দোনেশিয়ার, হংকংয়ের ও মালয়েশিয়ার ১১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মতামত দিন