জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সিঙ্গাপুর থেকে আরও দুই কার্গো এলএনজি কিনছে সরকার।
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে আরও দুটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ দুই কার্গোর জন্য ব্যয় ধরা হয়েছে এক হাজার ১০৪ কোটি ৪১ লাখ ৮৪ হাজার ৩৩৬ টাকা ৬৪ পয়সা।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ৩০-৩১ মে ২০২৫ সময়ের জন্য ২৫তম কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স ভিটল এশিয়া পিটিই লিমিটেড থেকে এই কার্গো আমদানিতে ব্যয় হবে ৫৪৯ কোটি ৯ লাখ ১৭ হাজার ৭৫২ টাকা ৩২ পয়সা।
একইভাবে, ২-৩ জুলাই ২০২৫ সময়ের জন্য ২৭তম কার্গো এলএনজি আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে। এটি একই প্রতিষ্ঠান মেসার্স ভিটল এশিয়া পিটিই লিমিটেড থেকে কেনা হবে। এই কার্গোর জন্য ব্যয় ধরা হয়েছে ৫৫৫ কোটি ৩২ লাখ ৬৬ হাজার ৫৮৪ টাকা ৩২ পয়সা।
উল্লেখ্য, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে এই দুই কার্গো আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে গত ২৯ এপ্রিল সরকার একই প্রতিষ্ঠান থেকে আরও তিনটি এলএনজি কার্গো কেনার অনুমোদন দিয়েছিল, যার মোট ব্যয় ছিল ১ হাজার ৬২০ কোটি ৫ লাখ ২৮ হাজার ৬৬৪ টাকা।
মতামত দিন