ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চালানকে স্বাগত জানালেন মার্কিন রাষ্ট্রদূত।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্কের ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দরে উপস্থিত হয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। খাদ্যশস্য আমদানি ও লজিস্টিক ব্যবস্থাপনা ঘিরে এই সফরকে দুই দেশের সহযোগিতা জোরদারের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সোমবার (২৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্র থেকে আসা একটি বড় গমের চালান গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান এবং খাদ্য সচিব মো. ফিরোজ সরকার।

বন্দর সূত্র জানায়, সদ্য আগত চালানটি প্রায় ১ লাখ ৭৩ হাজার মেট্রিক টনের একটি সরবরাহ পরিকল্পনার অংশ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজ্যগুলো থেকে এসেছে সফট হোয়াইট গম, আর মধ্যাঞ্চল থেকে আমদানি করা হয়েছে হার্ড রেড উইন্টার জাতের গম।

দেশে গমের চাহিদার বড় অংশই আমদানিনির্ভর। মোট চাহিদার তুলনায় স্থানীয় উৎপাদন সীমিত হওয়ায় উচ্চ প্রোটিনসমৃদ্ধ গমের এই সরবরাহ খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে গত বছরের জুলাই মাসে বাংলাদেশ সরকার ও ইউএস হুইট অ্যাসোসিয়েটসের মধ্যে দীর্ঘমেয়াদি একটি সমঝোতা হয়। ওই সমঝোতার আওতায় ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ গম আমদানির সুযোগ তৈরি হয়েছে। এরই মধ্যে সেই কাঠামোর অধীনে কয়েক লাখ মেট্রিক টন গম সরবরাহের বাণিজ্যিক চুক্তি কার্যকর হয়েছে।

মতামত দিন