একনেক অনুমোদন দিল ২৫টি প্রকল্প, স্বাস্থ্য, বিদ্যুৎ ও যোগাযোগ খাতের উন্নয়নে নতুন উদ্যোগ।
রাজধানীতে একনেকের সর্বশেষ সভায় দেশের বিভিন্ন খাতের উন্নয়নের জন্য ২৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিকল্পনা কমিশন চত্বরে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির পক্ষ থেকে সদস্যদের অবহিত করা হয়, এর আগেই ৫০ কোটি টাকার ১০টি ক্ষুদ্র প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই ২৫টি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের অবদান ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, প্রকল্প ঋণের অংশ ৩২ হাজার ১৮ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ২৯১ কোটি ৭৮ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পের মধ্যে ১৪টি নতুন, ৬টি সংশোধিত এবং ৫টির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
স্বাস্থ্য খাতের উল্লেখযোগ্য প্রকল্প হিসেবে উত্তরের জনপদে ১০০০ শয্যা বিশিষ্ট ‘বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি খাতের ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পও অনুমোদন পেয়েছে।
যোগাযোগ খাতের উন্নয়নে চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ-আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং দোহাজারী-রামু-কক্সবাজার সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাকের প্রকল্প (২য় সংশোধিত) অনুমোদন পেয়েছে। যুব ও আইটি খাতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে ৬৪ জেলায় শিক্ষিত কর্মসংস্থানের প্রকল্প এবং স্কুল বহির্গত শিশুদের বিকল্প শিক্ষার ব্যবস্থা সম্পর্কিত প্রকল্পও এই অনুমোদনের মধ্যে রয়েছে।
সভায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি’র নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ ও অবলোকন কেন্দ্র এবং খুলনা নভোথিয়েটার প্রকল্প দুটি অসমাপ্ত রেখে সমাপ্তির জন্য অনুমোদন জানানো হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং অন্যান্য উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা ও মন্ত্রণালয়ের উপদেষ্টা বৃন্দ।
মতামত দিন