নিম্নআয়ের পরিবার ও কৃষকদের জন্য সয়াবিন তেল ও ইউরিয়া সার আমদানি করবে সরকার।
সরকার নিম্নআয়ের পরিবার এবং কৃষকদের সরবরাহের জন্য বড় পরিমাণ সয়াবিন তেল ও ইউরিয়া সার ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। এতে ভর্তুকি মূল্যে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারকে সয়াবিন তেল সরবরাহ করা হবে এবং কৃষকদের জন্য ইউরিয়া সার আমদানি করা হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদিত হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের উন্মুক্ত দরপত্র পদ্ধতির মাধ্যমে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাব উপস্থাপন করা হয়। দরপত্র যাচাই-বাছাই শেষে ঢাকার সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেডকে সর্বনিম্ন দরদাতা হিসেবে বেছে নেওয়া হয়। প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে ১৮০ টাকা ৮৫ পয়সা, যা ক্রয়ে মোট ১৮০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় হবে।
একই বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা।
সূত্র জানায়, চলতি অর্থবছরে দেশের সার চাহিদা পূরণের জন্য সৌদি আরব থেকে মোট ছয় লাখ ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির চুক্তি করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৩০ হাজার মেট্রিক টন ইতিমধ্যে চুক্তিবদ্ধ। প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯০ মার্কিন ডলার।
মতামত দিন