ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

মোবাইল ফোন সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে আমদানিতে বড় শুল্ক ছাড় দিল এনবিআর।

নিজেস্ব প্রতিবেদক:

মোবাইল ফোনের বাজারমূল্য সাধারণ মানুষের নাগালে আনতে বড় ধরনের শুল্ক পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আমদানি করা মোবাইল ফোনের পাশাপাশি দেশে সংযোজিত ফোনের ক্ষেত্রেও শুল্কহার কমানো হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পূর্ণাঙ্গ মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি আগের তুলনায় ৬০ শতাংশ কমানো হয়েছে। একই সঙ্গে দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্পকে সুরক্ষা দিতে সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবহৃত উপকরণ আমদানিতে শুল্কহার ১০ শতাংশ থেকে নামিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এনবিআর জানায়, এই শুল্ক সমন্বয়ের ফলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানি করা একটি মোবাইল ফোনের দাম গড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত কমতে পারে। অন্যদিকে, একই দামের দেশে সংযোজিত ফোনের ক্ষেত্রে মূল্য হ্রাস পেতে পারে আনুমানিক দেড় হাজার টাকা।

রাজস্ব বোর্ডের মতে, আমদানি ও সংযোজন—দুই পর্যায়ে শুল্ক ছাড় দেওয়ার ফলে মোবাইল ফোনের বাজার আরও প্রতিযোগিতামূলক হবে। এতে ভোক্তারা কম দামে স্মার্টফোন কেনার সুযোগ পাবেন এবং ডিজিটাল সেবায় অংশগ্রহণ সহজ হবে।

মোবাইল ফোনের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকারের এ ধরনের নীতিগত উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

মতামত দিন