ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আরোপিত পারস্পরিক শুল্ক ২০ শতাংশের নিচে নামানোর প্রস্তাব বাংলাদেশের।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের আরোপিত পারস্পরিক শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) ২০ শতাংশের নিচে নামানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এই প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখার আশ্বাস দিয়েছে মার্কিন পক্ষ।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বৈঠকের বিষয়টি নিশ্চিত করে।

বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরে ড. খলিলুর রহমান জানান, আনুষ্ঠানিক কোনো চুক্তি কার্যকর হওয়ার আগেই যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাংলাদেশ বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমাতে পেরেছে।

এ সময় তিনি মার্কিন কাঁচামাল ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানিতে শুল্ক ছাড়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। পাশাপাশি সাম্প্রতিক ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হওয়ায় ব্যবসায়িক যাতায়াত সহজ করতে মার্কিন সহযোগিতা কামনা করেন।

প্রেস উইং জানায়, সফরের অংশ হিসেবে আগামী শনিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও পৃথক বৈঠকে বসবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

মতামত দিন