ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

নভোএয়ারের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যাত্রীদের জন্য টিকিটে ১৪ শতাংশ ছাড়ের ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

নভোএয়ার আগামী শুক্রবার (৯ জানুয়ারি) ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। এ উপলক্ষে যাত্রীদের জন্য একটি বিশেষ অফার ঘোষণা করেছে বিমান সংস্থা।
এক মাসব্যাপী প্রোমোশনে ফ্লাইটের টিকিট কিনলে ১৪ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকেই বিভিন্ন উৎসবমুখর কর্মসূচি শুরু হয়েছে। অফারটি ভোগ করতে যাত্রীরা নভোএয়ারের বিক্রয়কেন্দ্র, ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন। ওয়েবসাইট ও অ্যাপে টিকিট কিনতে VQANNI14 প্রমোকোড ব্যবহার করতে হবে।

নভোএয়ারের যাত্রা শুরু হয় ২০১৩ সালের ৯ জানুয়ারি, ঢাকা থেকে চট্টগ্রাম রুটে প্রথম ফ্লাইট পরিচালনার মাধ্যমে। স্বল্প সময়ে প্রতিষ্ঠানটি যাত্রীসেবা, নিরাপত্তা এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করার মাধ্যমে আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে আস্থা অর্জন করেছে। গত ১৩ বছরে ১ লাখ ৪২ হাজারের বেশি ফ্লাইট পরিচালনা করা হয়েছে এবং ৮ মিলিয়নেরও বেশি যাত্রীকে সেবা প্রদান করা হয়েছে।

যাত্রীদের সুবিধা বাড়াতে নভোএয়ার দেশে প্রথমবারের মতো ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা চালু করেছে। এছাড়া স্মাইলস মেম্বারদের জন্য বিভিন্ন ব্র্যান্ডের আউটলেটে বিশেষ ছাড় এবং বোর্ডিং প্রিভিলেজের মাধ্যমে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, “নিরাপদ ও সময়ানুবর্তী ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের চাহিদা পূরণ করা এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে যাত্রীসেবা আরও উন্নত করাই আমাদের লক্ষ্য।”

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট এবং সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

মতামত দিন