ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

আগামী সোমবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপোর ১৮তম আসর।

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিতব্য এই প্রদর্শনীতে বাংলাদেশসহ ১৪টি দেশের প্রতিষ্ঠান অংশ নেবে।

২০১৪ সাল থেকে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই) ধারাবাহিকভাবে এই প্রদর্শনীর আয়োজন করে আসছে।

তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের আয়োজনে ডেনিম উৎপাদনে সাম্প্রতিক উদ্ভাবন, টেকসই প্রযুক্তি ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরা হবে। এতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো বস্ত্র, তৈরি পোশাক, সুতা, যন্ত্রপাতি, এবং উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম প্রদর্শন করবে।

দর্শনার্থীদের মধ্যে থাকবেন বিশ্বজুড়ে ডেনিমপ্রেমী, শিল্প উদ্যোক্তা, ব্র্যান্ড প্রতিনিধি, ফ্যাশন ডিজাইনার এবং টেকসই উৎপাদনবিষয়ক বিশেষজ্ঞরা। প্রদর্শনীর পাশাপাশি আয়োজন করা হবে শিক্ষামূলক কর্মশালা ও প্রযুক্তিনির্ভর সেমিনার।

এবারের এক্সপোতে অংশ নেবে আমেরিকান অ্যান্ড ইফার্ড বাংলাদেশ, আর্গন ডেনিমস, আসুটেক্স, আজগার্ড নাইন, ব্ল্যাক পিওনি টেক্সটাইল, ব্লুসাইন টেকনোলজিস, চ্যাংঝৌ জিংফা টেক্সটাইল, চ্যাংঝৌ কাইলান, ক্লোরিস বায়োকেম ল্যাবরেটরি, সিলিক্যান্ট, ডেনিম সলিউশনস, ডায়মন্ড ডেনিম (স্যাফায়ার গ্রুপ), জিবিওএস ইনকরপোরেটেড, সিম গ্রুপ, ইউনিভার্সাল ডেনিমসসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হবে ‘ট্রেন্ড জোন’। এখানে পরিবেশবান্ধব উপকরণ এবং ভবিষ্যৎমুখী নকশা উপস্থাপন করা হবে। পরিবেশবান্ধব ইনডিগো ডাই থেকে শুরু করে বৈচিত্র্যপূর্ণ স্টাইল উপস্থাপন করা হবে, যা বৈশ্বিক ফ্যাশন প্রবণতা অনুধাবনে সহায়ক হবে।

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন বলেন, “বাংলাদেশ ডেনিম এক্সপো শুধু দেশীয় প্রতিভার প্রদর্শনী নয়, এটি একটি আন্তর্জাতিক সহযোগিতার প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। বিশ্বের নামীদামি ব্র্যান্ডগুলো এখানে এসে বিভিন্ন দেশের ডেনিম উৎপাদকদের সঙ্গে কাজ করছে। এর ফলে উদ্ভাবন, সৃজনশীলতা ও প্রযুক্তির সমন্বয় ঘটছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।”

মতামত দিন