ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

৭০ হাজার টন ইউরিয়া সার ও ১০ হাজার টন ফসফরিক অ্যাসিড কিনবে সরকার।

নিজেস্ব প্রতিবেদক:

সরকার চলতি অর্থবছরে দেশীয় সার সরবরাহ নিশ্চিত করতে বড় ধরনের আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭০ হাজার টন ইউরিয়া সার এবং চট্টগ্রামের টিএসপিসিএলের জন্য ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আনার অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ কার্যক্রমে মোট ব্যয় হবে ৪৭৮ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার ২৮৮ টাকা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই প্রস্তাবগুলো অনুমোদিত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিনেটস কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আনার জন্য ব্যয় হবে ১৯০ কোটি ৫৯ লাখ ২৩ হাজার ৬৪০ টাকা। প্রতি টন সারের দাম নির্ধারণ করা হয়েছে ৩৮৮.৩৩ মার্কিন ডলার।

এছাড়া, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কিনতে ব্যয় হবে ১৯০ কোটি ৫৯ লাখ ২৩ হাজার ৬৪০ টাকা, যা প্রতি টন হিসেবে ৩৭৩.৬২৫ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রেও শিল্প মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে ১০ হাজার টন চীনের গুয়াংজি পেংইউ ইকো-টেকনোলজি কোং লিমিটেড থেকে আমদানি করার। এতে ব্যয় ধরা হয়েছে ৯৭ কোটি ৭০ লাখ ৪১ হাজার ০৮ টাকা, প্রতি টন ফসফরিক অ্যাসিডের দাম ৭৫০.৬০ মার্কিন ডলার।

মতামত দিন