ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল পোশাক কারখানায় ১ দিনের ছুটি ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক সরকারপ্রধান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার সারাদেশের বিজিএমইএভুক্ত পোশাক কারখানায় কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সচিব মেজর (অব.) মো. সাইফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে সরকার ইতোমধ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।

রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি সংহতি জানিয়ে পোশাক খাতের মালিকদের সংগঠন বিজিএমইএ তাদের আওতাধীন সব শিল্পপ্রতিষ্ঠানে বুধবার এক দিনের জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানিয়েছে।

এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে দাফন করা হবে।

মতামত দিন