ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানিকারকের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা।

নিজেস্ব প্রতিবেদক:

দিনাজপুরের হিলিতে পেঁয়াজের বাজার অস্থিতিশীল থাকার অভিযোগে এক আমদানিকারকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি এবং বিক্রয় রশিদ না দেওয়ার প্রমাণ পাওয়ায় ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সাদ ট্রেডার্সের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রংপুর কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গির আলম। এ সময় দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জাহাঙ্গির আলম জানান, পেঁয়াজ আমদানির পরও বাজারে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা না থাকায় আমদানিকারকদের গুদাম পর্যায়ে তদারকি করা হচ্ছে। অভিযানের সময় শুল্ক, পরিবহনসহ অন্যান্য খরচ যুক্ত করে পেঁয়াজের প্রকৃত আমদানি মূল্য নির্ধারণ করা হয় এবং সেই দামের সঙ্গে বিক্রয়মূল্যের তুলনা করা হয়।

তিনি বলেন, যাচাই-বাছাইয়ে দেখা যায়, সাদ ট্রেডার্স নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করেছে এবং ক্রেতাদের কাছে বিক্রয় রশিদও প্রদান করেনি। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও পেঁয়াজের দাম সহনীয় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

মতামত দিন