টানা ৩ মাস বিরতির পর আবারও ভারত-বেনাপোল পেঁয়াজ আমদানি শুরু।
দীর্ঘ বিরতির পর ফের ভারত থেকে পেঁয়াজ আসতে শুরু করায় দেশের বাজারে স্বস্তির আভাস মিলছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রবেশ করে ভারতীয় পেঁয়াজের প্রথম চালান।
ভারতের পেট্রাপোল বন্দর থেকে আসা এই চালানটি বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে পৌঁছায়। প্রাথমিকভাবে তিনটি ট্রাকে মোট ৯০ টন পেঁয়াজ আমদানি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চালান দুটি আমদানি করেছে সাতক্ষীরা ও যশোরের দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।
পেঁয়াজ ছাড়করণের দায়িত্বে থাকা রয়েল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম রয়েল জানান, কয়েক মাস ধরে আমদানি কার্যত বন্ধ থাকায় বাজারে চাপ তৈরি হয়েছিল। নতুন করে আমদানি শুরু হওয়ায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি।
আমদানির খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাজারে দামের নড়াচড়া শুরু হয়েছে। বেনাপোল কাঁচাবাজারে দেখা গেছে, মুড়ি কাটা দেশি পেঁয়াজ কেজিতে পাঁচ টাকা কমে বিক্রি হচ্ছে ১০৫ টাকায়। অন্যদিকে সাধারণ দেশি পেঁয়াজের দাম কেজিতে কমেছে প্রায় দশ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, মোকামে দরপতনের প্রভাব সরাসরি খুচরা বাজারে পড়েছে। আমদানির পরিমাণ বাড়লে দাম আরও কমতে পারে।
বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, আপাতত সীমিত পরিসরে ভারত থেকে পেঁয়াজ আনার অনুমতি দেওয়া হয়েছে। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক আমদানিকারক ইমপোর্ট পারমিট পাচ্ছেন এবং প্রত্যেকে নির্ধারিত পরিমাণ পেঁয়াজ আমদানি করতে পারছেন। তিনি মনে করেন, অনুমতি আরও সহজ করা গেলে বাজার দ্রুত নিয়ন্ত্রণে আসবে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, আমদানিকৃত পণ্য যেন দ্রুত খালাস হয়, সে জন্য বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

মতামত দিন