৮ দিন পর বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু।
যান্ত্রিক ত্রুটির কারণে টানা আট দিন উৎপাদন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আবারও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, মেরামত কাজ শেষ হওয়ার পর শনিবার দুপুর ২টার দিকে বয়লারে ফায়ারিং শুরু করা হয়। সন্ধ্যার পর ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে রাত পৌনে ৯টা থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হয়েছে।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে মোট তিনটি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং তৃতীয় ইউনিটটির ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। তবে দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে।
গত ৬ ডিসেম্বর বেলা পৌনে ১২টার দিকে প্রথম ইউনিট বন্ধ হয়ে গেলে কেন্দ্রটির সব ইউনিটের উৎপাদন কার্যক্রম সম্পূর্ণভাবে থেমে যায়। এর আগেই, গত ১৬ অক্টোবর সকালে ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটটিও বন্ধ হয়ে পড়ে।
প্রধান প্রকৌশলী আরও জানান, বর্তমানে তৃতীয় ইউনিটটির মেরামত কাজ চলমান রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ইউনিটটি পুনরায় বিদ্যুৎ উৎপাদনে ফিরবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন