বাংলাদেশ-কোরিয়ার প্রযুক্তি অংশীদারত্বে নতুন মাইলফলক: বেসিসে ‘কোরিয়া ডেস্ক’ উদ্বোধন।
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সফটওয়্যার শিল্পের মধ্যকার বাণিজ্যিক সহযোগিতা জোরদারে ‘কোরিয়া ডেস্ক’ চালু করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর বেসিস মিলনায়তনে এক অনুষ্ঠানে এই ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এর আগে যুক্তরাষ্ট্র ও জাপান ডেস্ক চালু করেছিল বেসিস। এখন দক্ষিণ কোরিয়াকে যুক্ত করার মাধ্যমে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতায় নতুন দ্বার খুলল বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক, আইসিটি বিভাগের যুগ্ম সচিব মো. তৈয়বুর রহমান, কোইকার কান্ট্রি ডিরেক্টর কিম তায়ইয়োং, কোরিয়ান কমিউনিটি ইন বাংলাদেশের চেয়ারম্যান ইউ ইয়ং ওহ, কেবিসিসিআই সভাপতি শাহাব উদ্দিন খান এবং বেসিস কোরিয়া ডেস্কের চেয়ারম্যান এডওয়ার্ড কিম। সঞ্চালনা করেন বেসিস সহায়ক কমিটির সদস্য মো. ইমরুল কায়েস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষিণ কোরিয়া একটি উদ্ভাবননির্ভর ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি, যেখানে বাংলাদেশি আইসিটি প্রতিষ্ঠানগুলোর বিপুল সম্ভাবনা রয়েছে। কোরিয়া ডেস্কের মাধ্যমে দেশটির সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে পারবে বাংলাদেশের সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো।
তথ্যপ্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী বলেন,“দক্ষিণ কোরিয়ার শক্তিশালী ডিজিটাল অবকাঠামো ও উদ্ভাবনী প্রবৃদ্ধি বাংলাদেশের জন্য এক অনুকরণীয় মডেল। বেসিস কোরিয়া ডেস্ক উভয় দেশের জন্য পারস্পরিক উন্নয়ন ও ডিজিটাল অর্থনীতিতে সমান অংশীদারত্ব নিশ্চিত করবে।”
রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, “এই উদ্যোগ দুই দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করবে।”
বেসিস কোরিয়া ডেস্কের চেয়ারম্যান এডওয়ার্ড কিম বলেন, “এটি বাংলাদেশের প্রযুক্তি খাতকে আরও বলিষ্ঠ করবে এবং বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থানকে আরও দৃঢ় করবে।”
মতামত দিন